ড্রাফার পারফর্মিং গ্রুপ- পশ্চিমবঙ্গ তথা খড়দার অন্যতম একটি নাট্যদল। যে দলটির সূচনা হয়েছিল ২০১৪ সালের ২৮ শে অক্টোবর এবং এই গত ২৮ শে অক্টোবর ২০২৫ এ তাদের সকল কর্মকান্ড কে সম্বল করে ১১ বছরে পদার্পণ করলো এই নাট্য দলটি। বিগত ১১ বছর কে উপলক্ষ করে তারা ১১ টি কর্মকাণ্ড বিভিন্ন সময়ে উপস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছেন। যার মধ্যে দুটি পদক্ষেপ ইতিপূর্বেই তারা উপস্থাপন করেছেন।
তাদের প্রথম পদক্ষেপ হিসাবে গত ২রা নভেম্বর ২০২৫ দমদম থ্রিয়ে এপেক্স মঞ্চে জন্মদিন পালনের কর্মসূচিকে উপলক্ষ করে আয়োজন করেন এক "হৈ হুল্লোড়" নাট্যানুষ্ঠানের। এই অনুষ্ঠানে নাট্য গুণীজন সংবর্ধনার পাশাপাশি প্রতিবছরের ন্যায় এবছর ' গৌরী দেবী স্মৃতি সম্মান' এ সংবর্ধিত করা হয় বিশিষ্ট আলোক শিল্পী ও সদা নাট্যমনস্ক শ্রী সুরিন্দার সিং মহাশয় কে। এরই পাশাপাশি মঞ্চস্থ হয় চারটি নাটক তথা, ক্লাইম্যাক্স থিয়েটার প্রযোজিত বাবার মতো, কাটোয়া এক্সপেরিমেন্টাল থিয়েটার প্রযোজিত অপরিচিত, ক্যানডিড থিয়েটার প্রযোজিত মেজ দিদির কেচ্ছা এবং ড্রাফার পারফরমিং গ্রুপের নাটক পথ মঞ্চস্থ হয়। এই "হৈ হুল্লোড়" অনুষ্ঠানে দর্শক উপস্থিতি ছিল সত্যিই চোখে পরার মতো। বিগত ১১ বছরে নাট্য প্রযোজনার মাধ্যমে তারা যে সুখ্যাতি অর্জন করেছে, তার বহিঃপ্রকাশ ঘটেছিল অগণিত দর্শকের উপস্থিতিতে এই দিনে।
এর পরবর্তী মাসে অর্থাৎ ১৩ ই ডিসেম্বর ২০২৫, এবার তারা আয়োজন করেন ' একক অভিনীত অনু নাটক প্রতিযোগিতা। যেখানে মোট ১৬ টি নাট্যদল অংশগ্রহণ করেন এবং প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীর হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি পুরস্কৃত করা হয়- শ্রেষ্ঠ নির্দেশক, শ্রেষ্ঠ পান্ডুলিপি, শ্রেষ্ঠ আলোক ও আবহ নির্মাণকারীকে। একদিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল সুদূর মেদিনীপুর থেকে কোলকাতা, বর্ধমান থেকে উত্তর ২৪ পরগনার সকল গুণী ও বিশিষ্ট নাট্য দলগুলি।
ড্রাফর পারফর্মিং গ্রুপের পরবর্তী নয়টি পদক্ষেপ কি হতে চলেছে এই বিষয়ে পত্রিকার পক্ষ থেকে দলের নির্দেশক ও অভিনেতা শ্রী কৌশিক ভট্টাচার্য্য মহাশয়কে জিজ্ঞেস করা হলে উনি জানান- " ড্রামা এবং ফিচার এই দুটি শব্দের মেলবন্ধনে নির্মিত হয়েছে ড্রাফার পারফরমিং গ্রুপ, তাই নাটক নির্মাণের পাশাপাশি ড্রাফার বহু স্বল্পদৈর্ঘ্যের ছবি নির্মাণ করেছেন যা বহুল প্রশংসিত ও পুরস্কৃত হয়েছে নানান তথ্যচিত্র প্রতিযোগিতায়। ড্রাফার তাদের শিল্পীদের নাট্যমঞ্চের মধ্য দিয়ে তৈরি করে ফিচারে জায়গা করে দিয়ে থাকে, তাই এরপর তাদের পরবর্তী পদক্ষেপ হিসাবে তারা বেছে নিতে চলেছেন ৩দিন ব্যাপী একটি অভিনয় কর্মশালার এবং এরপরে যথাক্রমে থাকছে অনু নাটক প্রতিযোগিতা, স্বল্পদৈর্ঘ্যের ছবি প্রদর্শন, ৩দিন ব্যাপী একাঙ্ক নাটক প্রতিযোগিতা, গল্প পাঠের আসর, নাট্য বিষয়ক আলোচনা সভা, চলচ্চিত্র বিষয়ক আলোচনা সভা ও আরো নানান কর্মকাণ্ড যা ক্রমশ জনসম্মুখে উপস্থাপন করা হবে।'


