নিয়মিত নাট্য চর্চায় কাঁকিনাড়া শিল্পাঙ্গন নাট্য সংস্থা ব্যতিক্রমী ধারা বজায় রেখে চলেছেন। তেমনই কাঁকিনাড়া শিল্পাঙ্গন নাট্য সংস্থার উদ্যোগে এবং থিয়েটার মগজ পত্রিকার সহযোগিতায় সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল "সামার ক্যাম্প ২০২৬ " শিশু কিশোর নাট্য কর্মশালা। শিশুদের সৃজনশীল বিকাশ ও সাংস্কৃতিক চর্চার সঙ্গে পরিচিত করে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়। গত ১৪, ১৫ এবং ১৬ই মে ২০২৬ রবীন্দ্রপল্লী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই কর্মশালায় অংশ নেয় এলাকার বিভিন্ন স্কুলের প্রায় ২০ জন ছাত্রছাত্রী।
কর্মশালাটি পরিচালনা করেন কাঁকিনাড়া শিল্পাঙ্গন নাট্য সংস্থা রাজা দে এবং পূজা কুন্ডু।সহযোগিতায় ছিলেন নাট্য সংস্থার অন্যান্য সদস্যরা। নাচ, গান,তাল, ছন্দ,শরীরচর্চা, আবৃত্তি, মজার দলগত খেলা এবং ছোট ছোট নাট্যাংশ তৈরির মধ্য দিয়ে শিশুদের সামনে খুলে যায় অভিনয়ের এক নতুন জগৎ। আনন্দমুখর পরিবেশে শেখা ও অংশগ্রহণের মাধ্যমে কর্মশালাটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উপভোগ্য।
এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল পড়াশোনার পাশাপাশি শিশুদের সাংস্কৃতিক চর্চার প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের সুপ্ত প্রতিভাকে সামনে নিয়ে আসা। কর্মশালার শেষে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা জানায়, এই অভিজ্ঞতা তাদের কাছে ছিল একেবারেই নতুন ও আনন্দদায়ক। অনেকেই ভবিষ্যতে নাট্যচর্চার সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করে।
রাজা দে জানান
“এই কর্মশালার মাধ্যমে বাচ্চারা অন্যরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেল। ওদের ভেতরেও অনেক আগ্রহ ও প্রতিভা রয়েছে, তা সত্যিই বিস্ময়কর। পড়াশোনার পাশাপাশি এই ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড শিশুদের মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।”
সবশেষে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের হাতে কলম,ফাইল ও চকোলেট তুলে দেন নাট্য সংস্থার পক্ষ থেকে উপস্থিত সদস্যরা। এই ছোট্ট উপহার যেন ভবিষ্যতের সৃজনশীল পথচলার এক সুন্দর প্রেরণা হয়ে রইল।


