গত ৯ই এপ্রিল কোলকাতা রঙ্গশীর্ষ প্রসেনিয়াম আর্ট সেন্টারে একটি নাট্য সেমিনারের আয়োজন করেছিল যার মূল বিষয়বস্তু ছিল - "থিয়েটার কার দাস?" বাংলা থিয়েটারের শৈল্পিক চিন্তাধারা, সমকালীন সময় তথা ব্যাবসায়িক লাভক্ষতি প্রভৃতি বিষয় নিয়ে বেশ বিস্তারিত বক্তব্য রাখেন এই সেমিনারের প্রধান ছয়জন নাট্যব্যাক্তিত্ব - সলিল সরকার, দেবাশিষ দত্ত, কৃতি মজুমদার, সুচরিতা বড়ুয়া চ্যাটার্জি, অভিক ভট্টাচার্য এবং শঙ্খ ঘোষ মহাশয়গন। সমগ্র সেমিনারটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন আড়িয়াদহ নাট্যপীঠের নির্দেশক অসীম ভট্টাচার্য।
নাট্য সেমিনারের শুরুতে কোলকাতা রঙ্গশীর্ষের তরফ থেকে উপস্থিত নাট্য ব্যাক্তিত্বদের উত্তরীয় দিয়ে সম্মান জানান নির্দেশক শ্রী মনোজিৎ মিত্র এবং নাট্যকর্মী পৃথা ভট্টাচার্য।
এই ছয় নাট্য ব্যাক্তিত্ব তাদের সুদীর্ঘ নাট্য জীবনের অভিজ্ঞতার ভাণ্ডার এদিনের সেমিনারে উন্মুক্ত করে দেন। একদম ঘরোয়া পরিবেশে প্রচুর দর্শকের আগমনে এদিনের সেমিনারটি অনুষ্ঠিত হয়। এই সেমিনারের মূল বিষয়বস্তু "থিয়েটার কার দাস?" আলোচনায় বারবার উঠে এসেছে শৈল্পিক চিন্তাধারা, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, সরকারি অনুদানের মতো বিষয়গুলো । অনুষ্ঠানের বিষয়বস্তু এতোটাই আকর্ষণীয় ছিল যে সেমিনার সুদীর্ঘ সময় ধরে অনুষ্ঠিত হয়। তবে প্রত্যেকের বক্তব্য থেকে একটা কথাই বারবার উঠে এসেছে - থিয়েটার বা শিল্পচর্চা কোনোদিনও কারো দাস ছিল না । কারন শিল্পচর্চাই মানুষকে এক সুস্থ ও মানবিক মানসিকতা দিতে পারে । তাই শিল্প তথা থিয়েটার কারোর দাস - একথা সম্পূর্ণ ভিত্তিহীন এটাই বারবার বক্তব্যে ঘুরে ফিরে এসেছে।
![]() |
| ছবি - "ভাসান" নাটক থেকে |
এদিনে সেমিনারের পাশাপাশি ২টি নাটক উপস্থাপিত হয় । প্রথম নাটক ছিল কোলকাতা রঙ্গশীর্ষের চলতি প্রযোজনা - "ভাসান"। অভিনয়ে ছিলেন নির্দেশক শ্রী মনোজিৎ মিত্র এবং পৃথা ভট্টাচার্য। এরপর দ্বিতীয় নাটক ছিল কথক পারফরমিং রেপারটরি প্রযোজিত "খুড়ি মা"। এই নাটকে একক অভিনয়ে ছিলেন নির্দেশক কৃতি মজুমদার স্বয়ং।
![]() |
| "খুড়ি মা" নাটক শেষে |
সামগ্রিকভাবে একটি জমজমাট নাটুকে সন্ধ্যা উদযাপনের মধ্যে দিয়ে কোলকাতা রঙ্গশীর্ষ আয়োজিত এদিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। উপস্থিত দর্শকদের অনুরোধে এই সেমিনারের বিষয়বস্তু নিয়ে আবার পরবর্তী পর্যায়ে সেমিনার সভা আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন কোলকাতা রঙ্গশীর্ষের নির্দেশক মনোজিৎ মিত্র ।
আপনাদের নাট্য সমালোচনা আমাদের E-mail করুন - rangatheatre2020@gmail.com










