শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

ড্রাফার পারফর্মিং দলের নাট্য সন্ধ্যা

     গত ১লা সেপ্টেম্বর ২০২৬, দমদম থ্রিয়ে এপেক্সে মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল ড্রাফার পারফর্মিং গ্রুপের এক নাট্য সন্ধ্যা। যেখানে ছিল নাট্য বিষয়ক আলোচনা সভা, ১০টি পত্রিকার প্রতিনিধিকে সম্মাননা জ্ঞাপন ও তাদের নব নির্মিত নাটক 'রাতের হাভেলি'র প্রদর্শন। আলোচনা সভার বিষয়বস্তু ছিল "নতুন দর্শক নির্মাণে নাট্যদল গুলির দায়বদ্ধতা" এবং এ বিষয়ে বক্তব্য রাখেন দুই নাট্য ব্যক্তিত্ব মলয় ঘোষ ও দেবযানী মুখার্জী। উভয় বক্তাই নতুন দর্শক নির্মাণে নতুন প্রজন্মের চিন্তাধারা কে প্রাধান্য দেওয়ার পরামর্শ প্রদান করেন।


    
এরই পাশাপাশি এই দিনে ড্রাফার পারফর্মিং গ্ৰুপ তাদের নবনির্মিত নাটক, রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষুধিত পাষাণ রচনা অবলম্বনে ও কৌশিক ভট্টাচার্যের নির্দেশনা এবং সামগ্রিক ভাবনায় নির্মিত নাটক 'রাতের হাভেলি' উপস্থাপিত করেন।নাটকটির শুরু থেকে শেষ পর্যন্ত ছিল এক রহস্যে ঘেরা সময়ের প্রেক্ষাপট। সকল অভিনেতা ও অভিনেত্রী খুবই দক্ষ ও যত্নশীলতার সাক্ষ্য রাখতে সক্ষমতা দেখিয়েছেন। বিশেষভাবে বলতে গেলে দাসীর ভূমিকায় অভিনেত্রী দেববানী চক্রবর্তী, করিম খাঁ এর ভূমিকায় বিশ্বজিৎ রায় ও মেহের জানের ভূমিকায় সুপর্ণা গুপ্ত বিশ্বাস অন্যতম প্রশংসার দাবি রাখতে সক্ষমতা অর্জন করেছেন। এই নাটকটিতে আলো ও শব্দের প্রয়োগ নাটকটিকে অন্য মাত্রায় রুপদানে বিশেষভাবে সহযোগিতা করেছে। 



আগামীতে এই প্রযোজনাটির ও ড্রাফারের কর্মকাণ্ড আরো বৃহত্তর ভাবে শ্রী বৃদ্ধি ঘটবে এই শুভ কামনা রাখি পত্রিকার পক্ষ থেকে।

ইস্ট কলকাতা কালচারাল অর্গানাইজেশন (ইকো)-র একুশতম প্রতিষ্ঠাবার্ষিকী

     গত ২৪শে আগস্ট গান্ধী সেবা সংঘের মানিক্য মঞ্চে সাড়ম্বরে উদযাপিত হল ইস্ট কলকাতা কালচারাল অর্গানাইজেশন (ইকো)-র একুশতম প্রতিষ্ঠাবার্ষিকী।



    নির্ধারিত সময় সন্ধ্যা সাড়ে ছটায় সংগঠনের বর্তমান সম্পাদক শ্রীমতী রঞ্জিতা মুখার্জীর সংক্ষিপ্ত শুভেচ্ছা ভাষণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর সংগঠনের শুরুর দিনের স্মৃতিচারণা করেন প্রবীণ সদস্য শ্রী উৎপল ঘোষ ও শ্রী বাসুদেব ঘোষ। একটি সম্পূর্ণ সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠার সেই কঠিন অথচ আবেগঘন দিনগুলোর কথা শুনে উপস্থিত দর্শকমণ্ডলী সহর্ষে ও সানন্দে প্রতিক্রিয়া জানান। শ্রী উৎপল ঘোষের কণ্ঠে রবীন্দ্র কবিতার আবৃত্তি অনুষ্ঠানে এক অনন্য মাত্রা যোগ করে। এরপর মঞ্চ আলোকিত করেন ই-কয়ারের শিল্পীরা। সুরজিৎ মিত্র ও শান্তা ঘোষের সুদক্ষ পরিচালনায় সমবেত কণ্ঠে একের পর এক জনপ্রিয় বাংলা ও হিন্দি গানের পরিবেশনায় মুগ্ধ হন দর্শক-শ্রোতারা।


    এরপর আসে সেই মাহেন্দ্রক্ষণ। ইকো-র সকল সদস্য মঞ্চে উপস্থিত হন। পরিবেশিত হয় ইকো-র জন্মদিনের বিশেষ গান, যার রচনা ও সুরারোপ করেছেন শান্তা ঘোষ। দর্শক-শ্রোতারাও কণ্ঠ মেলান সেই গানে। সকলের স্বতঃস্ফূর্ত ও সোৎসাহ অংশগ্রহণে প্রেক্ষাগৃহে তখন উৎসবের আমেজ। মঞ্চের উপরেই কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। এরপর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানিয়ে আবৃত্তি পরিবেশন করেন লোপামুদ্রা সরকার। শান্তা নন্দীর পরিবেশিত নৃত্য সকলের প্রশংসা কুড়োয়।

    এই সন্ধ্যার অন্তিম আকর্ষণ ছিল ইকো-র নতুন প্রযোজনা - মোহিত চট্টোপাধ্যায় রচিত ও ধনঞ্জয় আঢ্য পরিচালিত নাটক 'অক্টোপাস লিমিটেড'। পূর্ণ প্রেক্ষাগৃহে শিল্পীরা অসাধারণ অভিনয় দক্ষতায় নাটকটি মঞ্চস্থ করেন। মজার দৃশ্যগুলিকে অত্যন্ত কুশলতার সঙ্গে বিশ্বাসযোগ্য করে তোলেন বিবেকানন্দ ঘোষ, শিবশংকর দাস ও কাশীনাথ কোলে। চরিত্র উপযোগী অভিনয়ে দর্শকদের মন জয় করেন কাকলি রায় ও দীপায়ন সাহা।



    সমগ্র অনুষ্ঠানের ভাবনা ও নির্দেশনায় ছিলেন শ্রী ধনঞ্জয় আঢ্য এবং সাবলীল সঞ্চালনায় ছিলেন মধুমিতা মোদক।

বাকসা ব্রাত্য নাট্যজনের ২৭তম জন্মদিন পালন

     গত ২৫শে আগষ্ট বাকসা ব্রাত্য নাট্যজন তাঁদের নিজস্ব মহলা কক্ষে এক মনোরম এবং ছিমছাম পরিবেশে গান আবৃত্তি ও নাটকের মাধ্যমে পালন করলেন ২৭তম প্রতিষ্ঠা দিবস ।


   প্রারম্ভিক বক্তব্যে পরিচালক সুজিত বোস সংস্থার ইতিবৃতান্ত নিবেদন করেন । সঙ্গীত পরিবেশন করেন শ্রী অর্ধেন্দুপ্রসাদ ব্যানার্জি । এরপর আবৃত্তি করে সংস্থার শিশুকিশোর বিভাগের শিল্পীরা এবং মাননীয়া শ্রীমতী দীপা দত্ত । সবশেষে মঞ্চস্থ হয় দলের এ বছরের প্রযোজনা শাহযাদ ফিরদাউস রচিত এবং সুজিত বোস নির্দেশিত নাটক প্রথম ব্যক্তি । বর্তমান সময়ে নারী সুরক্ষা নিয়ে অনেক আলোচনা হয় কিন্তু আসল সমস্যার সমাধানের একটা পথ দেখায় এই নাটক । কেন এই নাটকটি করছেন - প্রসঙ্গে পরিচালকের ব্যাখ্যা একজন নারী তখনই সুরক্ষিত থাকবে যদি পুরুষ সভ্য হয় । পরিবারের পুত্র সন্তান যদি নারীকে সম্মান করতে শেখে, বাইরে বেরিয়ে, রাস্তাঘাটে নারী নিশ্চিন্ত । বেটি বাঁচাও, বেটি পড়াও যেমন সত্যি তেমনি বেশী সত্যি বেটা পড়াও (শিক্ষিত), বেটি বাঁচাও । নাটকে অভিনয় করেছেন সুজিত বোস মানু বোস প্রত্যুষা গাঙ্গুলি স্বাধীন দে বাপি ভট্টাচার্য পুলক পালিত ও সৈকত মালিক । ৪৫ মিনিটের এই ছোট নাটক অনেক বড় বিষয়কে ধরতে চেয়েছে ।