কোলকাতা রঙ্গশীর্ষের নিয়মিত নাট্য উৎসব CELEBRATION OF THEATRE-এর সপ্তম পর্ব অনুষ্ঠিত ২৪ শে ফেব্রুয়ারি প্রসেনিয়াম আর্ট সেন্টারে।
প্রথমে রঙ্গশীর্ষের খুদে শিল্পী রুপাঞ্জনা দত্তের নৃত্য প্রদর্শনের মাধ্যমে এই সন্ধ্যার শুরু হয়। তারপর দমদম সর্বোদয় বালিকা বিদ্যাপীঠের সদ্য নাট্যমঞ্চে ছাড়পত্র পাওয়া ছাত্রীদের তৃতীয় মঞ্চায়ন হল লীলা মজুমদারের গল্প 'আলো' অনুসরণে 'সাহসের গান'-এর। নাটকটির প্রযোজনা ও পরিচালনা কোলকাতা রঙ্গশীর্ষ দলের মনোজিৎ মিত্র এবং পৃথা ভট্টাচার্জ। চমৎকার উপস্থাপনা করল ছোট ছোট মেয়েরা। আলো, মঞ্চসজ্জা এবং শব্দ প্রক্ষেপণও সুন্দর!
'এসো নাটক শিখি ' দলটির ছেলেমেয়েদের নিয়ে এসেছিলেন ডঃ তাপস দাস। দীর্ঘ সময় ধরে উৎসাহী ছেলেমেয়েদের নাট্যাভিনয় শেখাচ্ছেন তিনি। রবীন্দ্রনাথের গল্প 'তোতাকাহিনী' অবলম্বনে তাঁর শিক্ষার্থীরা অপূর্ব একটি নাটক উপস্থাপন করল। প্রতিটি চরিত্রায়ন চমৎকার! এত বছর আগে লিখে যাওয়া বিষয় এখন এতটাই প্রাসঙ্গিক তা বলা বাহুল্য।
শেষ নাটকটি প্রায় একক অভিনয় করলেন অসীম ভট্টাচার্য, আড়িয়াদহ নাট্যপীঠ তাঁর দল। মুনসি প্রেমচন্দের 'সোয়া সের আটা' গল্পের নাট্যরূপের ভিন্ন ভিন্ন চরিত্রে তাঁর মুনসিয়ানা দেখার মতো! নাটকের ঘটনা যে এখনও ঘটে চলে সে কথাও জানা হল নাটকের শেষে।
সব মিলিয়ে তিনটি পৃথক নাটক আমাদের তিন রকমভাবে সমৃদ্ধ করল, ছোটদের ভাবার জায়গা তৈরি করে দিল। ছোট ছোট আকারে এই সচেতনতা তৈরির প্রচেষ্টার জন্য 'কোলকাতা রঙ্গশীর্ষ'-এর প্রতি শুভেচ্ছা রইল। তাদের এই উদ্যোগ মানুষকে আবার নাট্যমুখী করে তুলবে এই আশা রাখাই যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন