নাট্য কর্মশালা নাট্য চর্চার একটি গুরুত্বপূর্ণ বিষয়। গত ২০ সেপ্টেম্বর ২০২৫ কাঁকিনাড়া শিল্পাঙ্গন নাট্যসংস্থা আয়োজন করেছিলো একটি একদিনের নাট্য কর্মশালা। পানপুর সুভাষপুরের গাঙ্গুলী বাড়ির ছাদে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সেদিন প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আসামের জনপ্রিয় অভিনব নাট্যদলের নির্দেশক শ্রী দয়াল কৃষ্ণ নাথ মহাশয়।
অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন করা হয় এবং সদ্য প্রয়াত বিখ্যাত সংগীতশিল্পী জুবিন গর্গকে স্মরণ করা হয়। এরপর সরাসরি শুরু হয় কর্মশালা। এই কর্মশালায় মোট ১৮ জন অংশগ্রহণ করেছিলেন শিক্ষার্থী হিসেবে। দলের সদস্যরা ছাড়াও বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা এসেছিলেন ওই দিনে।
প্রশিক্ষক দয়াল কৃষ্ণ নাথ কেবল আসামেই নয়, বরং জাতীয় স্তরেও নিজের কাজ করে চলেছেন। ২০২৩ সালে তিনি নটসম্রাট সম্মানে ভূষিত হন। ফলে তাঁর উপস্থিতি ও প্রশিক্ষণ পদ্ধতির কারণে কর্মশালা হয়ে উঠেছিল অত্যন্ত ফলপ্রসূ। অভিনয়ের নানা খুঁটিনাটি, নাট্যকলার প্রাচীন ইতিহাস, বিভিন্ন অঞ্চলের নাট্যচর্চা সম্পর্কে তিনি আলোচনা করেন। পাশাপাশি অভিনয়ের বহুমুখী দিক, নাটকে নৃত্য-গানের ব্যবহার, তাৎক্ষণিক অভিনয় (ইম্প্রোভাইজেশন), মঞ্চব্যবহার, মঞ্চের বিন্যাস ইত্যাদি বিষয় নিয়ে তিনি বিশদভাবে ক্লাস নেন।
প্রায় সারাদিন ধরে কর্মশালা চলার পর অংশগ্রহণকারীদের শংসাপত্র প্রদান করা হয় এবং প্রশিক্ষককে সম্মানিত করা হয়। শিক্ষার্থীরা জানিয়েছেন, এই কর্মশালায় অংশগ্রহণ করতে পেরে তাঁদের খুবই ভালো লেগেছে।
দলের নির্দেশক রাজা দে জানান— "এত গুণী একজন জাতীয় স্তরের নাট্যব্যক্তিত্বকে আমরা প্রশিক্ষক হিসেবে পেয়ে এবং তাঁর কাছ থেকে অনেক কিছু শিখতে পেরে আমাদের অত্যন্ত ভালো লাগছে। কাঁকিনাড়ার বুকে এমন সুযোগ করে দিতে পারা আমাদের জন্য আনন্দের। আমাদের দলের ছোট থেকে বড় সকলের জন্যই আগামী দিনের এক মূল্যবান ভাণ্ডার তৈরি হলো।"
সবশেষে দয়াল কৃষ্ণ নাথ মহাশয় বলেন—"এই কর্মশালার সকল অংশগ্রহণকারীই অত্যন্ত সম্ভাবনাময় এবং উদ্যমী। তাঁদের সঙ্গে কাজ করতে পেরে আমারও খুব ভালো লাগলো।"

