সম্প্রীতি গত ৮ই ডিসেম্বর ২০২৪, দমদম থিয়ে এপেক্স মঞ্চে ক্লাইম্যাক্স থিয়েটারের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল "যৌথ নাট্য সন্ধ্যা"। এই নাট্য সন্ধ্যায় ক্লাইম্যাক্স থিয়েটার প্রযোজিত নাটক ' ধুর! কি হবে", বালিগঞ্জ আরুষি প্রযোজিত নাটক 'দায়' এবং ড্রাফার পারফর্মিং গ্রুপ প্রযোজিত নাটক 'আত্মজ' মঞ্চস্থের পাশাপাশি অনামিখা সংস্থার পক্ষ হতে কবিতার কোলাজ ও শ্রুতি নাটক পরিবেশিত হয়।
এদিনের প্রতিটি পরিবেশন ছিল ভিন্ন ভিন্ন স্বাদ ও আঙ্গিকের। অনুষ্ঠান শুরু হয় একক অভিনীত 'ধুর কি হবে!' নাটকটির মধ্যে দিয়ে যেখানে বর্ষিয়ান অভিনেতা বাদল কাঞ্জিলাল বাবু তার অসাধারণ দক্ষতার সাথে বর্তমান সময়ের সামাজিক অস্থিরতাকে মেলে ধরার চেষ্টা করেছেন। দ্বিতীয় নাটক বালিগঞ্জ আরুষি প্রযোজিত ও বেবি সেনগুপ্ত রচিত 'দায়' মঞ্চস্থ হয়, যেখানে সামাজিক পরিস্থিতিতে শারীরিক প্রতিবন্ধকতাকে অতিক্রম করে এগিয়ে চলার এক অনন্য বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তৃতীয় নাটক ড্রাফার পারফর্মিং গ্রুপের 'আত্মজ' মঞ্চস্থ হয় এবং এই নাটকটির সামগ্রিক নির্মাণ ও অভিনয়ে ছিল কৌশিক ভট্টাচার্য্য। পিতা পুত্রের ভালোবাসা ও সম্মানের উর্ধ্বে মানসিক দ্বন্দ্ব ও প্রতিবন্ধকতা কে কেন্দ্র করে অদ্ভুত এক রহস্যের সন্ধান উপহার দেয় এই নাটকটি। সর্বোপরি নাটকটির শেষাংশে অদ্ভুত এক চমক মেলে ধরা হয় যা এই নাটকটি কে অন্যভাবে চিহ্নিত করে। এক্ষেত্রেও অভিনেতা বাদল কাঞ্জিলাল মহাশয় ও কৌশিক ভট্টাচার্য্য তাদের দীর্ঘ অভিজ্ঞতার সাক্ষ্য রাখতে সক্ষম হয়। সবশেষে বিবেকানন্দ ঘোষ পরিচালিত অনামিখা সংস্থার কবিতার কোলাজ ও শ্রুতি নাটক ছিল এদিনের নাট্য সন্ধ্যার এক বিশেষ প্রাপ্তি।
অংশগ্রহণকারী প্রতিটি নাট্যদলকে তাদের এই প্রয়াস ও নাটকের নতুন দর্শক তৈরীর স্বার্থে তাদের এই উদ্যোগকে কুর্নিশ জানাই। এভাবেই বাংলা নাটক ও থিয়েটার আরো এগিয়ে চলুক এটাই কাম্য।