সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

'মাটিয়ারী ইচ্ছেপাখি' নাট্যদল আয়োজিত 'অন্তরঙ্গ নাট্যোৎসব - ২০২৪'

     'পশ্চিমবঙ্গ সরকারের অধীন পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির সহায়তায়' 'মাটিয়ারী ইচ্ছেপাখি' নাট্যদল আয়োজন করেছিল 'অন্তরঙ্গ নাট্যোৎসব - ২০২৪'। গত ৭ এপ্রিল থেকে ৫ মে অবধি তাঁদের নিজস্ব অন্তরঙ্গ নাট্যগৃহ 'নীড়'এ চলেছিল নাট্যোৎসবটি। একমাস ব্যাপী চারটি রবিবারে অনুষ্ঠিত নাট্যোৎসবে অংশগ্রহণ করেছিল মোট নয়টি নাট্যদল। 



    প্রথম দিন অর্থাৎ ৭ এপ্রিল ছিল দুটি নাট্য - 'নৈহাটি রঙ্গসেনার' 'নিশূন্য অঞ্চল' এবং 'কাটোয়া অনুভব' এর 'তোমার অসীমে'। দ্বিতীয় দিন অর্থাৎ ১৪ এপ্রিল 'পিন্ডিরা ইলোরা'র 'লাশ' এবং 'আড়িয়াদহ নাট্যপীঠ' এর 'খবর কী' নাট্য দুটি পরিবেশিত হয়। তৃতীয় দিন অর্থাৎ ২৮ এপ্রিল উপস্থাপিত হয় 'বহরমপুর রণ নাট্যসংস্থা'র 'চামচা' এবং 'তেহট্ট লালন' এর 'চক্রব্যূহ' নাট্য দুটি। তৃতীয় দিনে উপস্থিত ছিলেন 'কল্যানী নাট্যচর্চা কেন্দ্র' এর নির্দেশক কিশোর সেনগুপ্ত এবং মাটিয়ারীর মত একটা প্রত্যন্ত গ্রামে এত সুন্দর উদ্যোগের প্রশংসা করেছেন তিনি। নাট্য উৎসবের অন্তিম দিন অর্থাৎ ৫ মে পরিবেশিত হয় তিনটি নাট্য - 'কাঁকিনাড়া শিল্পাঙ্গন' এর 'আদাব', 'মাটিয়ারী ইচ্ছেপাখি'র নিজস্ব প্রযোজনা 'ঢাকের বাদ্যি' এবং 'বিভাবন কলকাতা'র 'দূরতর দ্বীপ'। উৎসবের প্রত্যেকটি দিন ৪০ জন করে দর্শক নাট্যগুলি উপভোগ করেছেন এবং প্রায় সবকটি নাট্যকে ভূয়সী প্রশংসায় ভরিয়ে তুলেছেন। উল্লেখ্য, 'মাটিয়ারী ইচ্ছেপাখি' ২০২৩ সালের জুন মাস থেকে প্রতি মাসের একটি করে রবিবার অন্তরঙ্গ নাট্য প্রদর্শনের ব্যবস্থা করে আসছে। এখনো পর্যন্ত মোট ২৫ টি নাট্য পরিবেশিত হয়েছে অন্তরঙ্গ নাট্যগৃহ 'নীড়'এ এবং প্রত্যেকবারই দর্শকাসন ছিল পূর্ন।