গত 26 মার্চ মানিকতলা স্পেসে ইউথোপিয়া আয়োজিত 3 দিনের নাট্যৎসবে উপস্থাপিত হলো অদ্বিক নাট্যদলের নতুন প্রযোজনা "বিটকয়েন" । আক্ষরিক অর্থে বিটকয়েন বলতে আমরা ক্রিপ্টকারেন্সি বুঝে থাকি । বিশ্বঅর্থনীতির এই সুপারস্টার “বিটকয়েন” নাম শুনে এক কৌতূহল থেকেই নাটকটি দেখতে যাওয়া। নাটকটির নাম বিটকয়েন হলেও এর মূল বিষয়বস্তু ছিল কিন্তু অন্যরকম।
নাটকটি প্রাথমিকভাবে টাকা দিয়ে শুরু হয় এবং টাকাকে কেন্দ্র করে যে হানাহানি, সম্পর্কের মাঝে তিক্ততা কিংবা সামাজিক অবক্ষয় তা নাটকটিতে তুলে ধরা হয়েছে । নাটকটির পরতে পরতে তথ্যসমৃদ্ধ ঘটনা এবং আর্থ-সামাজিক ব্যবস্থার ন্যাক্কারজনক বিষয়গুলোকে ব্যবহার করা হয়েছে। এছাড়া নাটকে ব্যবহৃত প্রচলিত হিন্দি গানগুলো উপস্থিত দর্শকবৃন্দদের বিনোদনের এক অন্য মাত্রা দিয়েছে।
নাটকটিতে একটিমাত্র পুরুষ চরিত্রে ঈশানের সাথে অভিনয়ে যোগ্য সঙ্গত দিয়েছেন দুই অভিনেত্রী মানসী কুণ্ডু এবং বিজয়া কর্মকার। নাটকটির নির্দেশনা মূলত তিনজন মিলেই দিয়েছেন। তবে নাটকটির চরিত্রের বিশ্লেষণও ছিল বেশ আকর্ষক । একদিকে উচ্চাখাঙ্খী আলট্রা মডার্ন মেয়ে আবার অন্যদিকে মধ্যবিত্ত দায়িত্ববান মেয়ে আর এই দুইয়ের মাঝে একটি ছেলে। এছাড়া নাটকটির আবহে ছিলেন রাজদেব দাস এবং আলোক নিয়ন্ত্রনে সমীর পাত্র। প্রত্যেকে তাদের মতো করে ভাল করার চেষ্টা করেছে।
তবে নাটকটিতে প্রাথমিক দিকে অভিনেতাদের স্কেলের সামঞ্জস্যতার অভাব পরিলক্ষিত হয়েছে যা নাটকটির গতি কিছুটা শ্লথ করেছে। তবে পরবর্তী পর্যায়ে এই তিন অভিনেতা বিনোদনের সাথে তাদের যথাসাধ্য দিয়ে আরো একবার হয়ত আমাদের দুর্বলতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো। সর্বোপরি "বিটকয়েন" নাটকটির প্রিমিয়ার শো হিসেবে অদ্বিকের এই প্রচেষ্টা সার্থক বলা চলে। নতুন দলের কাজ করার এনার্জি আরো বেড়ে উঠুক ওদের মধ্যে। ভুল ভ্রান্তিকে দূরে সরিয়ে রেখে উৎসাহ প্রদান করাই আমাদের অর্থাৎ দর্শকদের প্রধান কাজ।
আপনাদের নাট্য সমালোচনা আমাদের E-mail করুন - rangatheatre2020@gmail.com



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন