মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

বাকসা ব্রাত্য নাট্যজনের ৮ম বর্ষ অন্তরঙ্গ নাট্যমেলা

    


    আগামী ১৯শে ডিসেম্বর থেকে ২১শে ডিসেম্বর বাকসা ব্রাত্য নাট্যজন আয়োজন করেছেন তাঁদের ৮ম বর্ষ অন্তরঙ্গ নাট্যমেলা । তিনদিনে অনুষ্ঠিত হবে মোট ৯টি একাঙ্ক নাটক । অন্তরঙ্গ নামকরণের পেছনে এনাদের যুক্তি যে তাঁরা একটি আত্মিক সম্বন্ধ গড়ে তুলতে চান আয়োজক, দর্শক এবং অভিনেতাদের সঙ্গে । ফলে এটি কোনো ইন্টিমেট থিয়েটার ফেস্টিভ্যাল নয় । যদিও বছরের অন্য সময় এঁরা ইন্টিমেট, অণু-নাটক এবং মুক্তমঞ্চ - সব ধরনের নাট্য উৎসবের আয়োজন করেন এবং নিজেরাও সব ধরনের কাজই করেন ।

    চৌধুরী বাড়ি একটি সুপ্রাচীন ঐতিহ্যশালী বাড়ি । নিয়মিত দুর্গাপূজা দোল উৎসব যাত্রানুষ্ঠান হয় এই বাড়িতে । সেই বাড়ির প্রশস্ত চত্বরটিতে মঞ্চ বেঁধে নাটকের আয়োজন করেছেন এঁরা । চারপাশ দেওয়াল দিয়ে ঘেরা - এক সময়ে এখানেই যাত্রাপালা হতো - ফলে, অন্তরঙ্গ ব্যবস্থাপনা দিয়ে যে কাজ বাকসা ব্রাত্য নাট্যজন দীর্ঘদিন ধরে এবং ধারাবাহিকভাবে করে চলেছেন তা প্রশংসনীয় । স্থানীয় এলাকায় কোন মঞ্চ - কী সরকারি কী বেসরকারি, নেই । অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে তাঁদের এই প্রয়াস বিগত ২৫ বছর ধরে চালু রয়েছে । এলাকার মানুষের কাছে বিভিন্ন জেলার নাটক দেখার এই সুযোগ একটা বাৎসরিক আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে । তাঁদের পথ চলা আরও সুদীর্ঘ হোক ।